পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২ নম্বর শিদলাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২ হাজার চারা রোপণ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী সাইদুল ইসলাম এমরান।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৮০০টি চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
শিদলাই গ্রামের ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেনের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারেক রহমানের নির্দেশে আমরা গাছ লাগাচ্ছি। এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম এমরান সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী এবং শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সাইদুল ইসলাম এমরান বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গাছের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

