ক্যানসারে মারা গেছেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে অঞ্জন কুমার ধর এ তথ্য নিশ্চিত করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দিতে গতকাল প্যারোলে মুক্তির আবেদন করেছিল পরিবার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার তার ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, ‘তার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছি।’
এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তার প্যারোলে মুক্তির চিঠি হাতে পায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ৩টা ৪০ মিনিটে তাকে গাড়িতে তোলা হয়। পরে পুলিশি নিরাপত্তায় হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমের উদ্দেশে রওয়ানা হন তিনি।
মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের স্টাফ অফিসার আসিফ জাহান সিকদার বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ ঘণ্টার জন্য মুক্তির সময় মঞ্জুর করেছেন জেলা প্রশাসক স্যার।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, প্যারোলের অনুমোদনসংক্রান্ত চিঠি পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া শেষ করে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে চিন্ময়কে কারাগার থেকে বের করা হয়।
এদিকে চিন্ময়কে হাটহাজারীতে নেওয়াকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। তার যাতায়াতের পথ এবং শেষকৃত্যের অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তার আসার পথ ও অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
ঠিক কতজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, তা জানাতে না পারলেও তিনি বলেন, ‘এখনো বাড়তি সদস্য আসছে।’
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসার শনাক্ত হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

