একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি আইনের শাসন। এর মূল কথা হলো, রাষ্ট্রের প্রতিটি নাগরিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাবান ব্যক্তি আইনের চোখে সমান। ব্যক্তির পরিচয়, অর্থনৈতিক অবস্থান, রাজনৈতিক প্রভাব কিংবা সামাজিক মর্যাদা বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা তৈরি করতে পারে না। কিন্তু বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এখনো বড় চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, এর প্রধান বাধাগুলো কোথায়?
আইনের প্রয়োগে বৈষম্য অন্যতম বড় অন্তরায়। বাস্তবে অর্থ, ক্ষমতা ও রাজনৈতিক পরিচয়ের কারণে প্রভাবশালীরা অনেক সময় আইনের আওতার বাইরে থাকার সুযোগ পান। অন্যদিকে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। এতে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়।
রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক হস্তক্ষেপও আইনের নিরপেক্ষ প্রয়োগ বাধাগ্রস্ত করে। বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এসব প্রতিষ্ঠানকে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। দুর্নীতি, ঘুস, স্বজনপ্রীতি, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহার বিচার এবং প্রশাসনিক প্রক্রিয়াকে দুর্বল করে। অর্থের বিনিময়ে কাজের গতি পরিবর্তন। কিংবা প্রভাব খাটিয়ে অপরাধীর সুবিধা পাওয়ার ঘটনা ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে বছরের পর বছর মামলা চলতে থাকায় বিচারপ্রার্থীরা অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ন্যায়বিচারকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়।
এছাড়া দুর্বল তদন্ত, সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তাহীনতা, অপরাধের উপযুক্ত বিচার নিশ্চিত করতে না পারা এবং দরিদ্র মানুষের আইনি সহায়তা পাওয়ার সীমাবদ্ধতাও আইনের শাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা।
আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে জরুরি রাষ্ট্রের সদিচ্ছা ও প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা। শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বিদ্যমান আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইন যদি দুর্বলের জন্য কঠোর আর সবলের জন্য নমনীয় হয়, তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আইনের উর্ধ্বে কেউ নন-এই নীতি বাস্তবে কার্যকর করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
লেখক: শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



