চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে মতলব-পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, মতলব পৌর শহরের ভাড়া বাসায় থাকা নায়েড়গাঁও এলাকার বাসিন্দা ও সৌদিপ্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী সাদিয়া আক্তার (২৬) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত চারজন হলেন—নায়েড়গাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজীবাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। আহতরা নিহতের শাশুড়ি, দেবর ও ননদ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মো. ইয়াছিন মিয়া জানান, গত রাতে তাদের জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) মারা যান। আজ সকাল ৮টায় তার জানাজা ও দাফন হওয়ার কথা ছিল। সকাল ৬টার দিকে সাদিয়ার পরিবার অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জৈনপুর পরিবহন সার্ভিসের বাসচালক কাউছারকে আটক করে নাগদা বড়বাড়ির মসজিদসংলগ্ন কাছারি ঘরে আটকে রাখে এবং সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে চালককে আটক এবং বাসটি থানা হেফাজতে নিয়ে আসেন। আটক বাসচালক কাউছারের বাড়ি পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

