পটুয়াখালীর মির্জাগঞ্জে সৌদি প্রবাসী হিরন সিকদারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে থাকা মালামাল ও খাদ্যদ্রব্য সবই পুড়ে গেছে। শনিবার ভোররাতে উপজেলার মাধবখালি ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামের দরগাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির মজুমদার।
প্রবাসী হিরন সিকদারের স্ত্রী সারমিন আক্তার জানান, আমার স্বামী এক বছর যাবত সৌদি আরবে থাকেন। তিনি বিদেশ যাওয়ার কিছুদিন পর আমিও ছেলেমেয়ে নিয়ে ঢাকায় আসি, সময় পেলে মাঝেমধ্যে বাড়িতেও আসতাম । শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়িতে আসি। ঘরের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে পাশের গ্রামে বাবার বাড়িতে যাই। ভোররাতে মোবাইল ফোনে চাচা শ্বশুর সোবাহান সিকদার জানান ঘরে আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে দেখি ঘরের আসবাবপত্র ফ্রিজ শোকেস ও গ্যাসের চুলাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম স্বপন জানান, ভোররাতে সোবাহান সিকদার ফজরের নামাজের ওযু করতে গিয়ে দেখেন ঘরে আগুন । সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে । মুহূর্তের মধ্যে সব কিছু আগুনে পুড়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম বলেন, রাস্তায় ভাঙনের কারণে ঘটনাস্থলে গাড়ি নিয়ে আমরা পৌঁছাতে পারিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

