আমার দেশ-এ সংবাদ প্রকাশ

বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানের অপসারণ দাবিতে কার্যালয়ে তালা

বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানের অপসারণ দাবিতে কার্যালয়ে তালা

‎বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এসএম মনিরুজ্জামান শাহিনকে নিয়োগের প্রতিবাদ ও তার অপসারণ দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত পালন করা হয়।

‘স্বাচিপ নেতাকে সিভিল সার্জন করায় বরিশালে তোলপাড়’ শিরোনামে আমার দেশ-এ সংবাদ প্রকাশ হয়। এ খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা সদ্য নিযুক্ত জেলা সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানের কক্ষে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূাচ পালন করেন। এতে যোগদানের শেষ দিনেও তিনি নতুন কর্মস্থলে আসতে পারেননি।‎

বিজ্ঞাপন

‎অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। এ সময় আন্দোলনকারীরা সিভিল সার্জন অফিসে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, মনিরুজ্জামানকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ রয়েছে। বিতর্কিত এই কর্মকর্তা সিভিল সার্জন হিসেবে কোনোভাবেই গ্রহণযোগ্য নন।

বিএম কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে নতুন কাউকে নিয়োগ দিতে হবে।

‎কর্মসূচিতে অংশ নেওয়া নাঈম ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের ওপর জুলুম করেছেন। এমন জুলুমবাজ ও দুর্নীতিগ্রস্ত চিকিৎসককে বরিশালের মাটিতে দেখতে চাই না।

এদিকে, বরিশালে সিভিল সার্জন হিসেবে ডা. মনিরুজ্জামানের যোগদানের শেষ সময় হলেও তিনি যোগদান করেননি। তার যোগদানের অনুলিপি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়েও পাঠানো হয়নি।

এ বিষয়ে ডা. মনিরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে কর্মরত ডা. মনিরুজ্জামানকে গত মঙ্গলবার বরিশালের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন