রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘নিউট্রিশন সামিট’ পুষ্টি সম্মেলন। শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সামিট চলবে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নিউট্রিশন সামিটের প্রধান সমন্বয়ক ডা. মো ফজলে রাব্বি খান।
তিনি বলেন, পুষ্টির যথাযথ জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতে মূলত সামিট আয়োজন করা হচ্ছে। সামিটে দুই ধরনের সেশন থাকবে। সাইন্টিফিক সেশনে অংশ নেবেন সেবা প্রদানে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুষ্টিবিদরা, দেশি-বিদেশি খাদ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়ন ও গবেষণা সংস্থা, নিরাপদ খাদ্য উৎপাদনকারী ব্যক্তিরা এবং প্রতিষ্ঠান। সেখানে ২দিনে ৮টি সেশনে ২৫টি বিষয় নিয়ে ২৪জন খ্যাতনামা বিশেষজ্ঞ আলোচনা করবেন।
জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে পুষ্টি সচেতনতার বিষয়ে বিভিন্ন সেশন। এই সেশনে দুই দিনে ৬টি করে ১২টি বিষয়ে আলোচনা করবেন পুষ্টিবিদরা।
ব্যক্তিগত ডায়েট প্ল্যান, রোগ-প্রতিরোধ, স্বাস্থ্যকর রান্না ও পুষ্টি বিষয়ে বিশেষ ধারণা এই সামিটে অংশ নিলে জানা যাবে বলে জানান ডা. মো ফজলে রাব্বি খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

