কৃষি ও কৃষক না বাঁচলে অর্থনীতি-সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়: সাইফুল হক

কৃষি ও কৃষক না বাঁচলে অর্থনীতি-সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়: সাইফুল হক

কৃষি ও কৃষক না বাঁচলে অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজারের সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রদানসহ বিভিন্ন দাবিতে বিপ্লবী কৃষক সংহতি আয়োজিত মানববন্ধন-সমাবেশে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, কৃষি ও কৃষক না বাঁচলে অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। সার বিতরণ এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা বণ্টনে কোনো দলীয়করণ বা স্বজনপ্রীতি করা যাবে না।

তিনি বলেন, সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষক ন্যায্য দামে সার পাচ্ছেন না। এক হাজার থেকে ১ হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ভুতুড়ে বিলে অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ থেকে পাঁচগুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপানো হচ্ছে, যা কৃষকের জন্য নতুন মরণফাঁদ। এসব দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করে দায়ী কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। কৃষকেরা কৃষি উপকরণ কিনতে উচ্চমূল্যের শিকার হচ্ছেন, আবার পণ্য বিক্রিতেও ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষি বাজার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে; তাই বাজার সংস্কার করে তাদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সাইফুল হক বলেন, ক্ষমতায় থেকে ফ্যাসিবাদীরা সন্ত্রাস করেছে, এখনো করছে। সন্ত্রাসের পথে তারা রাজনীতিতে ফিরতে পারবে না। ফিরতে হলে অপরাধের দায় নিয়ে প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী কৃষক সংহতির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম ও খেতমজুর ইউনিয়ন নেতা সজীব সরকার রতন প্রমুখ।

মানববন্ধন থেকে সার ও কৃষি উপকরণে দুর্নীতি-দলীয়করণ বন্ধ, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ নিয়ে হয়রানি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি বাজার সংস্কার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকবান্ধব কৃষিনীতি প্রণয়নসহ কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন