ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের জুলুম-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক অবিস্মরণীয় নাম শহীদ সৈয়দ মীর নিসার আলী তিতুমীর। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, সংগঠক ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী নেতা। তাঁর জীবন ও সংগ্রাম প্রমাণ করে, ধর্মীয় শিক্ষাদান ও ব্যক্তিগত আমল-আখলাকের পাশাপাশি সমাজের অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা এবং মানুষের অধিকারহরণের বিরুদ্ধে সোচ্চার হওয়াও আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বৃহস্পতিবার তিতুমীরের ১৯৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, জমিদার ও নীলকরদের অত্যাচারে জর্জরিত কৃষক-জনতাকে সংগঠিত করেছিলেন তিতুমীর। ধর্মীয় সংস্কার, সামাজিক ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম গড়ে তোলেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত প্রতিকার না পেয়ে তিনি প্রতিরোধের পথ বেছে নেন। নারকেলবেড়িয়ায় নির্মিত তাঁর ঐতিহাসিক বাঁশের কেল্লা হয়ে ওঠে ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক। সামরিক শক্তির কাছে তাঁর বাহিনী পরাজিত হলেও তাঁর আত্মত্যাগ ও প্রতিরোধের চেতনা ইতিহাসে অমর হয়ে আছে।
বিবৃতিতে আরও বলা হয়, তিতুমীরের সংগ্রাম কেবল অতীতের একটি ব্রিটিশবিরোধী বিদ্রোহ ছিল না; এটি ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের এক ঐতিহাসিক শিক্ষা। কোনো শাসকগোষ্ঠী অথবা রাজনৈতিক শক্তি যখন জনগণের অধিকার হরণ করে, জুলুম-নির্যাতন চালায় এবং ভিন্নমত দমনের চেষ্টা করে, তখন তার বিরুদ্ধে নীতিনিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য হয়ে ওঠে।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার দীর্ঘ ইতিহাস পেরিয়ে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা আধিপত্যবাদী শক্তির উত্থান মেনে নেওয়া যায় না। অতীতের ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
তাঁরা আরও বলেন, তিতুমীরের বাঁশের কেল্লার চেতনা ধারণ করে আজও সব ধরনের জুলুম, আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে নতুন প্রজন্মের কাছে তিতুমীরের জীবন ও সংগ্রামের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, তাঁর আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন হবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার মধ্য দিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


