দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে মামলাটির পেছনের নেপথ্য ভূমিকা তদন্ত করে দায়ীদের পরিচয় প্রকাশ এবং রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় যান। ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন, আদালত অবমাননা ও মানহানির অভিযোগে এসব মামলা করেন। এসব মামলার কয়েকটিতে রায় হয়েছে এবং তাকে সাজাও ভোগ করতে হয়েছে। বিনা বিচারে তাকে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয়েছিল মাহমুদুর রহমানকে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন। এরপরও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো কীভাবে চলমান রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।
বিবৃতিতে অবিলম্বে নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


