শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের অবসান ঘটেনি: রাশেদ প্রধান

শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের অবসান ঘটেনি: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আবু সাঈদের রক্তের সাথে চরম বেইমানি করেছে। আর তাই আমাদের লড়াই এখনো শেষ হয়নি। স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু ইনসাফ কায়েম হয়নি। শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের অবসান ঘটেনি।

বৃহস্পতিবার ‘শহীদ আবু সাঈদ দিবস’ উপলক্ষে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত ‘রক্তাক্ত জুলাই ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ প্রধান আরো বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ক্ষমতার মসনদে বসে বিএনপি শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই জুলাইয়ের মূল আকাঙ্ক্ষাকে পায়ে পিষে মারছে। যে জুলাই সনদে নাগরিক অধিকার ও ইনসাফের নিশ্চয়তা ছিল, আজ তা ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে। কথাবার্তা পরিষ্কার, আগামীর সংগ্রাম হবে জনগণের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই।

শহীদ আবু সাঈদ স্মরণে রাশেদ প্রধান বলেন, আজকের এই দিনে বুক পেতে স্বৈরাচারের বুলেট বরণ করেছিলেন বীর শহীদ আবু সাঈদ। তার দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার সাহসী দৃশ্যটি ছিল কোটি মানুষের বুকে স্বাধীনতার দাবানল, যা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে দুঃশাসনমুক্ত করেছে। এই দিনে শহীদ আবু সাঈদসহ সকল বীর শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জানাই।

ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর ছাত্রকাফেলা সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন