মাদকসেবীদের নয়, মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে: সেলিম উদ্দিন

মাদকসেবীদের নয়, মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে: সেলিম উদ্দিন

মাদকসেবীদের বিরুদ্ধে নয়, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, বিপথগামী যুবকদের ঘৃণা বা অবহেলা নয়; বরং তাদের সঠিক পথে ফিরিয়ে এনে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সম্পদে পরিণত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মহানগরীর সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুব বিভাগের সহ-সভাপতি ডা. মাঈনুদ্দীন, আশিক আহমেদ চপল ও তারিকুল হাসান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, বিপথগামী যুবকদের আলোর পথে নিয়ে আসতে জামায়াত কাজ করছে। খুন, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সমাজকে বাঁচাতে যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

২০২৪ সালের আন্দোলন ও গ্রেপ্তারের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জেলখানায় অনেক যুবক মাদকের ভয়াবহতার মধ্যে ডুবে ছিল। সে সময় কারাগারেও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করেন।

তিনি বলেন, মানুষ খাদ্য গ্রহণ করে শরীরের উপকারের জন্য। কিন্তু মাদক মানুষের শরীর, মন ও ভবিষ্যৎ সবকিছুর ক্ষতি করে। তাই মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

যুবকদের মধ্যে অশালীনতা ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো অসৎ রাজনৈতিক স্বার্থে যুবকদের ব্যবহার করতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী যুবকদের নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমের ভিত্তিতে গড়ে তুলে দেশের সম্পদে পরিণত করতে চায়।

একটি মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে যুবসমাজের সহযোগিতা কামনা করে সেলিম উদ্দিন বলেন, মানবিক সিটি গড়তে যুবকদের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের যুব বিভাগের সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, যুবকদের উন্নয়নে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যুবকদের আরও গতিশীল, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে যুব বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী চারটি কর্মসূচিও ঘোষণা করে। কর্মসূচিগুলোর মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি তাদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন