দেশের বর্তমান অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংসদ কার্যকর করতে যত দেরি হবে দেশে অস্থিতিশীলতা তত বাড়বে। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশ স্থিতিশীল করা প্রয়োজন। বর্তমানে অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে।
রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করেছিল বিএনপি। পরে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়।
তিনি আরো বলেন, যখন কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, তাদের অনেকেই তখন সংস্কারের ধারেকাছেও ছিলেন না।
তারেক রহমান অভিযোগ করে বলেন, গত সতেরো বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সব খাত ও প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি।
কর্মশালায় আরো বক্তব্য দেন বিএনপির আইন-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি (অ্যাডহক কমিটি) অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক (অ্যাডহক কমিটি) অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক খোরশেদ আলম।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

