প্রথমে সংস্কারের অজুহাত এখন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে এনে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট নেতারা। তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন তারা চান না বলেও জানান।
মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তারা। বাম গণতান্ত্রিক জোট সাত দফা দাবি তুলে ধরেছে নির্বাচন কমিশনের সামনে। সভায় সিইসির সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৭ দফা দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। জাতীয় নির্বাচন বিলম্বিত করা হবে আত্মঘাতী বলেও জানান বাম জোটের নেতারা। স্থানীয় সরকারের আগেই এ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তারা। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আগে হলে ষড়যন্ত্রের সুযোগ নিবে তৃতীয় পক্ষ। সরকার আর কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচনের কথা নির্বাচন কমিশনকে জানাবে। কোনো অজুহাতে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, অল্প দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের কথা না জানালে, ধরে নিতে হবে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে সরকার। এই সরকার জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, মানুষ সংস্কার বুঝে না, সাহসী হয়ে ইসি দায়িত্ব পালন করবে এটাই তাদের প্রত্যাশা। কমিশনের মেরুদন্ড সোজা আছে বলে তাদের কথায় মনে হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

