মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
ছবি: আমার দেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। এর আগে থেকেই সেখানে ব্যাপক সংখ্যক মানুষ মিছিল সহকারে এসে উপস্থিত হন।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সহ ১১ দলীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। পরে সকাল ৮টায় সেখান থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়ি বহর যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। সন্ধ্যায় রংপুরের জিলা স্কুল মাঠে হবে সমাপনী সমাবেশ। এছাড়া পথে লংমার্চকে স্বাগত জানাতে আসা জনতার চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে রাস্তায় দাঁড়িয়ে নেতারা বক্তব্য রাখতে পারেন।

এই লংমার্চ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় ঐক্য।

সূত্রমতে, ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর বর্তমান বিরোধীদলের প্রথম বৃহৎ কর্মসূচি হিসেবে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক সাড়া ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় ১১ দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বেড়েছে। সে অনুযায়ী আজকের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিও সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য সরকারসহ প্রশাসন সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। আগের চেয়ে এতে আরো বেশি সাড়া পড়বে বলে প্রত্যাশা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তাছাড়া এই লংমার্চের জন্য আগের ছয়টির সঙ্গে আরো দুটি দাবি যুক্ত হয়ে আট দফায় রূপ পেয়েছে।

প্রথমে ছয় দফা দাবির মধ্যে ছিল—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। পরে এতে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করার দাবি যুক্ত হয়। সবশেষে উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও এতে যুক্ত করা হয়েছে বলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন