বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে তারা শ্রমিকবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি শহীদ হলেও গত দুই বছরে বাঁচার দাবি প্রতিষ্ঠিত হয়নি। ছাত্রদের মতো শ্রমিকরা ক্ষমতার ভাগ দাবি করেনি, তারা কেবল অধিকার আর মর্যাদা চেয়েছে, তাও পূরণ হয়নি। নতুন বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে যে তারা শ্রমিকবান্ধব সরকার।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান, শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের পাশাপাশি শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করার দাবি জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে দরকার ছিল জীবনযাত্রার ব্যয় অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা।
তিনি বলেন, শ্রমিকের ন্যূনতম মানবিক জীবন নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বাড়বে না। শ্রমিককে বাঁচার মতো মজুরি প্রদান একধরনের বিনিয়োগের মতো। শ্রমিকের বাঁচার আন্দোলন কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নয়। শ্রমিকদের ঐক্য ও মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির মুক্তি নিশ্চিত করতে হবে।
বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে ও ফিরোজ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও অংশ নেন সংসদ সদস্য সামসুর রহমান শিমুল বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

