ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।
পোসেট নাহিদ লেখেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ফেসবুক পোস্টের সঙ্গে সাভারে ঢাকা-১৯ আসনের নির্বাচনি জনসভায় তার বক্তব্যের একটি ভিডিও যুক্ত করেন তিনি। সকালে অনুষ্ঠিত ওই জনসভায় বক্তব্যে তিনি বলেছেন, হাদির বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা গতকাল রাতে থেকে দেখেছি, যমুনার সামনে হাদির পরিবার অবস্থান নিয়েছিলো বিচারের জন্য। এই ইন্টেরিম গভর্মেন্টকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে। শরীফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোনো ধরনের অসম্মান করা না হয় এবং অতি সত্যর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টেরিম গভর্মেন্টকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

