বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
এ প্রসঙ্গে অ্যাডভোকেট তারিকুল ইসলাম এনসিপি ও যুবশক্তির সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, “কিছুক্ষণ আগে ফলাফল প্রকাশিত হয়েছে। প্রচণ্ড রাজনৈতিক নানা ব্যস্ততার মধ্যেও সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামনের পথচলায়ও আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
যুবশক্তির সভাপতি ও এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ৪৮ দিন কারাবরণ করেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচার এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আবরার ফাহাদের স্মরণসভা থেকে গ্রেফতার হয়ে দ্বিতীয়বার কারাবরণ করেন।
তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি “জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি লাভ করেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

