দেশকে কী দিতে পারলাম, শিক্ষার্থীদের সেই চিন্তা করতে হবে: শিবির সভাপতি

দেশকে কী দিতে পারলাম, শিক্ষার্থীদের সেই চিন্তা করতে হবে: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত।

দেশ আমাদের কী দিয়েছে, সেই প্রশ্ন না করে দেশকে কী দিতে পেরেছি, তা নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার কোনো অভাব বাংলাদেশে নেই। অভাব রয়েছে সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ছাত্রশিবির আয়োজিত ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড: গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, শুধু দক্ষতা বা ভালো ফলাফল দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি সমাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা প্রয়োজন। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এর পেছনে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও অর্থ পাচার দায়ী।

জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, সীমিত প্রাকৃতিক সম্পদ ও যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকেও দেশগুলো মানবসম্পদের যথাযথ ব্যবহার এবং মেধার মূল্যায়নের মাধ্যমে বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে। অথচ বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। ফলে মেধা পাচারের প্রবণতা বাড়ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য নয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির কাজ করছে। নানা অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়েও সংগঠনটিকে দমিয়ে রাখা যায়নি।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার প্রকৃত লক্ষ্য দেহ, মন ও আত্মার সুসমন্বিত বিকাশ। শুধু আন্তর্জাতিক মানের দক্ষতা ও সনদ অর্জন যথেষ্ট নয়; নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশও জরুরি। সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীদেরও সমান ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, বিপ্লব, গণঅভ্যুত্থান কিংবা বড় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানুষের নৈতিক পরিবর্তন ও সততা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম এবং বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। আলোচনা শেষে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...