জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না: বিএনপিকে ডা. শফিকুর রহমান

‘রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব কিন্তু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করব না’—বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরো বলেন, জনগণের রায় ও গণভোটের প্রতি সম্মান দেখালে সরকার সম্মানিত হবে।

বিজ্ঞাপন

শনিবার সাত দফা দাবি আদায় উপলক্ষে ১১ দলীয় জোটের আয়োজিত লংমার্চের পথসভায় যশোরের অভয়নগরের নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

সরকারকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ১১ দলের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। তারা জনগণের মৌলিক অধিকার ও দাবি নিয়ে রাজপথে নেমেছেন এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় করেই ঘরে ফিরবেন।

সংক্ষিপ্ত পথসভা শেষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এর আগে পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সাধারণ সম্পাদক মহিউল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন