কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিগত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনামলে সমাজে প্রোথিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ইসলামবিদ্বেষের চূড়ান্ত অবসান না ঘটলে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী। তিনি স্পষ্ট করে বলেন, কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মধ্য দিয়েই প্রকৃত রাষ্ট্র সংস্কার ও বিনির্মাণের সূচনা হতে হবে।

সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বক্তব্যে মাওলানা আশরাফ মাহদী বলেন, চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ ও দীর্ঘ ১৭ বছর ধরে চলা ইসলামবিদ্বেষী সংস্কৃতির কফিনে শেষ পেরেক ঠোকার প্রত্যয় ছিল জনতার। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও তার পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। এর দৃষ্টান্ত হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেও এখনো নিকাব ও ধর্মীয় পোশাক পরিধানের কারণে শিক্ষার্থীদের অবমাননার শিকার হতে হচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, সাধারণ মানুষ যখন এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখন কর্তৃপক্ষ সাময়িক বা তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করছে। তবে নিছক সাময়িক কোনো পদক্ষেপ এই সংকটের স্থায়ী সমাধান নয়।

নাগরিক অধিকারের ওপর জোর দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে নয়, বরং এই ভূখণ্ডের একজন সমঅধিকারপ্রাপ্ত নাগরিক হিসেবে প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব। একজন নাগরিক হিসেবে আমি আমার ধর্মীয় অধিকার চর্চা করব—এই অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতেই হবে।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের তরুণদের রাজনৈতিক বয়ান ও সক্রিয় ভূমিকার মাধ্যমে কাঠামোগত এই ধর্মবিদ্বেষের চিরতরে অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন