জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি অভ্যুত্থান: নুর

জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি অভ্যুত্থান: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, বরং এটি অভ্যুত্থান। রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করায় জনগণ সরকার পতনের দাবিতে রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লবে জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫’ অনুষ্ঠানে নুর এসব কথা বলেন।

তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকলে অপরাজনীতি ফিরে আসে। ছাত্র সংসদ হলো প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মেধাভিত্তিক ও সৃজনশীল রাজনীতির ক্ষেত্র। যে মেধার মূল্যায়নের জন্য আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নুর বলেন, গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা ছিল না। মানুষ মনে করেছে, ‘যে লাউ সেই কদু’। কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই যেখানে রাষ্ট্র জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং প্রত্যেক নাগরিকের সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় না পারলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রথম বুঝতে পেরেছে, ‘সব শালারা বাটপার’। ২০২৪ সালের অভ্যুত্থানের আন্দোলনে ১১ জন নারী শহীদ হয়েছেন, যারা হাসিনাকে বিদায় দিয়েছেন। নারী শিক্ষার্থীরা হামলার পাশাপাশি যৌন নিপীড়নের শিকারও হয়েছেন। স্বায়ত্তশাসিত কোনো বিশ্ববিদ্যালয়ে শহীদ না হলেও জবিতে হয়েছে। রায় সাহেব বাজার ও গুলিস্তান জিরো পয়েন্টের মিছিল আমাদের প্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সম্মুখ সারির ভূমিকা রাখা জবির ২০ জন নারী শিক্ষার্থীকে ‘জুলাই অগ্নিকন্যা সম্মাননা’ প্রদান করা হয়। পাশাপাশি শতাধিক নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ কে এম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি। বিশেষ অতিথি ছিলেন জবির অধ্যাপক ড. রইছ উদ্দিন ও অধ্যাপক ড. নাসির উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন