আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়া পরানো হয়নি, বরং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই হাতকড়া পরানো ও অপমানিত করা হয়েছে।

শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আপনারা আখতারুজ্জামানের হাতে হাতকড়া পরাননি, আপনারা হাতকড়া পরিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে। আপনারা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেলমেট পরাননি, অপমান-লাঞ্ছনা করেননি; আপনারা আমাদের ইতিহাসের, একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমান এবং লাঞ্ছিত করেছেন।’

তিনি সরকারের সমালোচনা করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসী আপনাদেরকে রিমান্ডের মুখোমুখি করবে। আপনারা একদিনের রিমান্ড দিয়েছেন মেজর আখতারুজ্জামানকে ফরমায়েশি আদালতে। আর জনগণ আপনাদের চাঁদাবাজি আর লুটপাটের কারণে দিনের পর দিন রাজপথে রিমান্ডের মুখোমুখি করবে।’

মেজর আখতারুজ্জামানের সততা ও সাহসিকতার প্রশংসা করে ড. মাসুদ বলেন, একজন স্পষ্টভাষী, সৎ, নিষ্ঠাবান ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধবিরোধী চরিত্রই প্রকাশ করেছে।

তিনি আরো উল্লেখ করেন, বিমানবন্দরে অব্যবস্থাপনা, যাত্রীদের ট্রলি ও লাগেজ না পাওয়া এবং জমজমের পবিত্র পানি নিয়ে অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার কারণেই আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আসল অপরাধীদের আড়াল করতে এবং মানুষের ন্যায্য দাবিকে ধামাচাপা দিতেই একজন মুক্তিযোদ্ধার ওপর এমন অবিচার চালানো হয়েছে। অবিলম্বে এসব অন্যায় আচরণ বন্ধ না করলে জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন