জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।
রোববার সিঙ্গাপুরের রেসকোর্স রোডের ব্যানানা রেস্টুরেন্টে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সহায়তা প্রদান করা হয়।
যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, বিএনপি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাই দেশের মানুষের ভোটাধিকারের দাবিতে দীর্ঘ আন্দোলনে কখনও আপোষ করেনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। আপনারা দেখেছেন রাজপথে ফয়সালার মাধ্যমে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। আর এই স্বৈরাচার আন্দোলনে বিএনপির শতশত নেতাকর্মীর সাথে কয়েকশত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। কয়েক হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। চোখ হারিয়েছে শত শত মানুষ।
আহতের পাশে বিএনপি পাশে থাকবে জানিয়ে যুবদল সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের পাশে থাকবে বিএনপি। তার ধারাবাহিকতায় আন্দোলনে গুরুতর আহত যারা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন তাদের আর্থিক সহায়তা নিয়ে আমরা পাশে দাঁড়িয়েছি।
আর্থিক সহায়তা পেয়েছেন ১১ জন গুরুতর আহত ছাত্র-জনতা। তার মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ আল মিরাজ। যিনি জুলাই আগস্ট আনন্দোলনে পুলিশে গুলতে চোখের মারাত্মক আঘাত পেয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিনাজুল ইসলাম শুভ, চোখে গুলিবিদ্ধ মো রমজান, কলেজছাত্র মহিউদ্দীন রাব্বী, স্কুল ছাত্র মো ইয়ামিন, কলেজ ছাত্র মোহাম্মদ ইমরান হোসেন, সালমান বিন সুইয়াব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আব্দুল্লাহ আল বাকী ও ফয়েজ আলম।
এ সময় আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা জিল্লুর রহমান খান, আহসান আলম রিপন, আশরাফ খান রবিন, শামসুর রহমান ফিলিপ ও এমদাদুর রহমান সোহেল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

