পাবনার সদর উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ৩০ অক্টোবর বিকেলে পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বৃষ্টির সময় আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে ছয়জন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন এবং এই শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। একই সঙ্গে বজ্রপাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


