জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারে, দেশে আরেকটি ১/১১ আসবে।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে এ কথা বলেন তিনি।
গণ-অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, জুলাই সনদে কোন ছাড় হবে না। এক শতাংশ ছাড়ও দেওয়া হবে না। আমরা নির্বাচন চাই। নির্বাচন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা এও বলেছি, পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশকে যেতে হবে।
তিনি বলেন, যে পরিবর্তনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে পরিবর্তনের প্রতিশ্রুতি এই সরকার শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, এই সরকার যেতে পারবে না। কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।
যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে গণ-অভ্যুত্থান হয়েছিল, এক বছর পেরিয়ে গেলেও সেটি পূরণ হয়নি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পার হয়েছে ফলে অনেক হিসেব নিকেশ আমরা করছি যে আমরা কি পেলাম, তরুণরা কি পেল। দেশ কতটুকু পরিবর্তন হল। হিসাব নিকাশ না করে নিলে বুঝবো না আমরা আমাদেরআগামী দায়িত্বটা কি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই।
জুলাই গণ-অভ্যুত্থান শেষ হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের এ লড়াই, তরুণদের এ লড়াই, এ দায়িত্ব সমাপ্ত হয় নাই। ২৪ এর গণঅভ্যুত্থান কে ব্যর্থ করে দিতে, প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনো শেষ হয়ে যায় নাই। ফলে, যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুলপথে হাঁটছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

