বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে। দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

আজ বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেন, ঐক্যের জায়গাটা ফাটল ধরলো কেন? এই সমস্যা পক্ষগুলোর মধ্যে তৈরি হলো কেন? যখনই জনগণের রায়, গণভোটের রায়কে অস্বীকার করা হলো, তখনই তো এই সমস্যা হলো। যখনই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হলো, তখনই তো এই সমস্যা হলো। যখন পাশ কাটিয়ে এটাকে চাপা দেওয়ার জন্য সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি করা হলো, তখনই তো সমস্যা দেখা দিল। এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, সাবেক পলাতক প্রধানমন্ত্রী যিনি ফ্যাসিজমের জন্ম দিয়েছিলেন বাংলাদেশে, যার হাতে শহীদের রক্ত, অসংখ্য পঙ্গুর কষ্ট, সেই জায়গায় তিনি আসবেন! তিনি আসার আগেই আমরা জানি যে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় বিচার হয়েছে, রায় হয়েছে। তিনিই তো বলতেন আইন সবার জন্য সমান, এ ধরনের ট্রাইবুনাল তো তিনি গঠন করেছেন। সেই রায় তার বিরুদ্ধে হয়েছে, তিনি আপিলও করেন নাই, আবেদনও করেন নাই। বিচার প্রক্রিয়া চলার সময় তিনি আসলেন না কেন? তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে তখনই তার আসা দরকার ছিল, আসেন নি। তার মানে হচ্ছে তিনি দেশকে ওন করেন না, আইনকেও ভয় করেন। এখন তার কোন কথা আমরা বিশ্বাস করব? তার কোন কথাই আমরা বিশ্বাস করতে পারছি না। তারপরেও আমরা দেখলাম যে এত মানুষ খুন করা, এত মানুষকে পঙ্গু করা... এজন্য তার ক্ষুধা মিটে নাই মনে হচ্ছে।

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা যা দেখলাম, বিশেষ করে গোপালগঞ্জ জেলায় যা ঘটে গেল, এটা তো অবিশ্বাস্য! সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা-সফলতার এই ব্যবচ্ছেদ আমি করতে যাচ্ছি না, কিন্তু যা দেখলাম, সেখানে একটি স্বাধীন দেশের ভেতরে আরেকটি জেলাকে স্বাধীন ঘোষণা করল—এরা কারা? এটা তো আইন ও সংবিধানের দৃষ্টিতে দেশদ্রোহিতা। দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোনো নাগরিকের কোনো অধিকার নেই—আইনি অধিকারও নেই, নাগরিক অধিকারও নেই। সেটাও আমরা শুনলাম, মানুষকে খুন করা হলো নির্মমভাবে; খুনের নেশা তো শেষ হচ্ছে না। বিভিন্ন জায়গায় ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ, থানা লুট, থানায় আগুন—তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।’

জামায়াত আমির হুঁশিয়ার করে বলেন, ‘তারা (শেখ হাসিনা) যেন এ কথা ভালো করে মনে রাখেন, যে যুবসমাজ এবং আপামর জনগণ তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদেরকে বাংলাদেশ থেকে শেষ বিদায় নিতে বাধ্য করেছিল, তারা সবাই মরে যাননি; তারা জীবিত আছেন। এই সমস্ত হত্যাকাণ্ডের বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত তাঁদেরকে ধৈর্য ধরতে হবে এবং বিচার হলে বিচারের রায় তাঁদেরকে মেনে নিতে হবে। আমাদের নিরপরাধ নেতাদেরকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়; আমরা তো কথা বলতে পারিনি, আমাদেরকে কথাও বলতে দেওয়া হয়নি। সেই হিসাবে আমরা দেখছি এবং এ দেশের জনগণ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে।’

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করি। অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে আমরা অবতরণ করি। সে রাতে আমরা বিশ্রাম নিই, তার পরের দিনগুলোতে বিভিন্ন কর্মসূচি ছিল, সেগুলো সফলভাবেই সম্পন্ন হয়। বিশেষ করে আমাদের আগ্রহ ছিল অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কেমন আছেন, তাঁদের কথাগুলো শোনা; আমাদের দেশটাকে নিয়ে তাঁরা কী ভাবেন, কী স্বপ্ন দেখেন, আমাদের জন্য তাঁদের প্রস্তাব কী, পরামর্শ কী এবং তাঁদের কষ্টের বিষয়গুলো জানা। তাঁরা খোলামেলাভাবেই সেখানে এসেছেন। আমরা যা প্রত্যাশা করেছি, তার চাইতে অনেক বেশি সাড়া ছিল।’

তিনি আরও বলেন, ‘এগুলো শেষ করে আমরা ২৪ তারিখ সময়টি হাতে রেখেছিলাম যদি অন্য কোনো কিছু থাকে বা সাইটসিয়িংয়ের জন্য। কিন্তু সাংগঠনিক কিছু প্রয়োজন এবং দেশের সার্বিক অবস্থা—সবগুলোকে সামনে রেখে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে পরপর আমরা যেগুলো দেখছি, এই সময়ে ওখানে শুধু সাইটসিয়িংয়ের জন্য আমার থাকাটা সমীচীন মনে হয়নি। এ কারণে সময় বাঁচিয়ে দেশে চলে এসেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...