দলের কর্মীদের বলি দিয়ে লাশের রাজনীতি করছে আ.লীগ: আবিদ

দলের কর্মীদের বলি দিয়ে লাশের রাজনীতি করছে আ.লীগ: আবিদ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

দলীয় স্বার্থে আওয়ামী লীগ নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না এবং লাশের রাজনীতি করার জন্য এক গ্রুপ আরেক গ্রুপের লোকজনকে নিজেরাই মেরে ফেলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, আওয়ামী রাজনীতি হচ্ছে ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি। আওয়ামী রাজনীতি হচ্ছে খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি। এজন্যই দেশবাসী বলে, ক্ষমতাহীন আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও নিকৃষ্ট ও ভয়ানক। দলীয় স্বার্থে এরা নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না।

শরীয়তপুরে যুবলীগ নেতা নিহতের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, শরীয়তপুরে আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচিতে গিয়ে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা ইব্রাহিম। আওয়ামী লীগের অন্য গ্রুপের সন্ত্রাসীদের হাতে বলি হতে হয়েছে তাকে। পুলিশ সেখানে কোনো রকম গুলি চালায়নি। উল্টো পুলিশকে দেখা যাচ্ছে, তাদের বুঝিয়ে ভাঙচুর করা থেকে বিরত থাকতে বলছে। গোপালগঞ্জের মতো পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ঢাবি ছাত্রদলের এই নেতা উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি জাতীয় সংসদে বলেছেন যে, প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি কিছুদিন ধৈর্য দেখাবো, কিন্তু ১ জন নিরপরাধ ব্যক্তি যেন গুলিতে মারা না যায়। পুলিশ এই নীতিতেই কাজ করছে।

সীমান্তের ওপার থেকে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে অভিযোগ করে আবিদুল ইসলাম খান আরো লেখেন, সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ লীগের পলাতক জঙ্গিরা গেরিলা ও গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন এলাকাভিত্তিক টার্গেট কিলিং এবং বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, যা মিডিয়াতে অলরেডি প্রকাশিত হয়েছে। নিষিদ্ধ লীগ সেভাবেই তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। লাশ ফেলার জন্য এক গ্রুপ আরেক গ্রুপের লোকজনকে নিজেরাই মেরে ফেলছে। এটাই আওয়ামী লীগের লাশের রাজনীতি।

পোস্টের শেষাংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষিদ্ধ লীগের যারা এখনো সমর্থক আছেন, তাদের বলব, আপনাদের আপা ডিসেম্বরে আর আসছেন না। তবে তাকে অবশ্যই দেশে আনা হবে এবং জুলাই গণহত্যার দায়ে ফাঁসিতেও ঝুলানো হবে। তবে আপাতত আপনাদের আপার লাশের ক্ষুধা জেগেছে, আর সেই ক্ষুধার শিকার হচ্ছেন আপনারাই। আপনারা সচেতন হোন, সতর্ক থাকুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...