আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আমার দেশ

আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে দলটি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

রোববার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভেঙেছে। এসব অবস্থানের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতির সুযোগ পাবে না। দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এ ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে দেশের পতিত আওয়ামী লীগ। এ কারণে নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত সুরক্ষিত করার লড়াইকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অবৈধ অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সারজিস আলম আরো বলেন, স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।

সমাবেশের আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন তারা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...