কুষ্টিয়ায় এনসিপির গাড়িবহর ও রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ১১ দলের

কুষ্টিয়ায় এনসিপির গাড়িবহর ও রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ১১ দলের

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা দিয়ে গ্রেপ্তার, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো এবং রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা করে অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

বিজ্ঞাপন

একইসঙ্গে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ীবহরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জোটটি। এসব হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়েছে।

সোমবার বিকালে রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতারা সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক থেকে এই দাবি ও নিন্দা জানানো হয়। ৩১ অক্টোবর সাত দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়ন নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান।

তিনি বলেন, বৈঠকে ৩১ অক্টোবরের লংমার্চের রুট চূড়ান্ত করা এবং সমাবেশ ও পথসভাগুলো বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়েও আলোচনা করা হয়।

তিনি বলেন, সাত দফা দাবিতে এই লংমার্চ সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী জনসভার মধ্য দিয়ে শুরু হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন । সেখান থেকে ৮ টায় পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, ফকিরহাট, খুলনা, রূপসা ব্রিজ পার হয়ে যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে। রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে ।

পথসভাগুলোর সম্ভাব্য স্থান ও সময় জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সকাল ৯ টায় জাজিরা বা শরীয়তপুরের নাওডোবায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী চার রাস্তার মোড়, দুপুরে খুলনা মহানগরীর বাবরি চত্বর, খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাচড়া মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড় (মাগরিবের সময়ে) পথসভা হবে।

সাত দফা দাবি সম্পর্কে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের রায়কে উপেক্ষা না করে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করা, বিদ্যুৎ, গ্যাস, সার ও জ্বালানি সংকট নিরসন এবং এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও পরিবহন খরচ নিয়ন্ত্রণ রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ করা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা বন্ধ করা, প্রশাসনিক, শিক্ষা ও সামাজিক সর্বক্ষেত্রে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা এবং সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি চিরতরে বন্ধ করা ।

এই কর্মসূচি বাস্তবায়নে তিনি প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা, সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন । নেতাকর্মীদের যেকোনো উসকানির মুখে সর্বোচ্চ ধৈর্য ধারণের নির্দেশনা দেন।

এছাড়া আগামী ২৫ দিনের মধ্যে ফরিদপুর ও খুলনা বিভাগের ঝুঁকিপূর্ণ মহাসড়কগুলো সংস্কারের জন্য সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবিধা সংস্কার প্রস্তাব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী কোনো দল এ দাবি করতে পারে না, তাহলে জুলাই সনদের সঙ্গে বেইমানি করা হবে ।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সহযোগিতকায় বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসাইন, এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেবার পাটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বিডিপি মহাসচিব নিজামুল হক নাঈম, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতারী, খেলাফত আন্দোলন মহাসচিব মুফতি ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন