ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি ছাত্র মজলিসের

ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি ছাত্র মজলিসের
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভিন্নমত দমনের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা সহিংসতার নয়, নিরাপদ, শিক্ষাবান্ধব ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন ক্যাম্পাস দেখতে চাই।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা দখলদার শক্তির নিয়ন্ত্রণে থাকতে পারে না। সকল শিক্ষার্থীর মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাজিদ, কেন্দ্রীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক জাবের আল হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহাম্মদ ওবায়দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বায়তুল মাল সম্পাদক আলী হোসেন তন্ময়সহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন