জাতীয় রিকশা ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের বসিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে।

শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের নেভি কলোনিতে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির ‘জুলাই জাগরণ’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকার ক্ষমতায় আসার পরও তা বাস্তবায়ন করেনি। জনগণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিকভাবে পরিচালনার প্রত্যাশায় গণভোটে অংশ নিলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় দলীয় ব্যক্তিদের দায়িত্বে বসানো হয়েছে। দলীয়ভাবে সেগুলো পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম চালানো হচ্ছে।

আখতার হোসেন অভিযোগ করেন, দেশের ১২টি সংস্থা ও প্রতিষ্ঠানে দলীয় পদধারী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ হওয়ার কথা ছিল। তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠানে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় পদধারী নেতাকর্মীদের নিয়োগ দেয়, তাহলে দেশে গণতন্ত্র কোনোভাবেই টিকে থাকতে পারে না।”

তিনি বলেন, সামগ্রিকভাবে দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করা না গেলে কোনো শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিক, কৃষক কিংবা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে।

আখতার হোসেনের অভিযোগ, বাংলাদেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাঠামোগত বৈষম্যের শিকার। তারা শুধু শ্রমের ন্যায্য মূল্য থেকেই বঞ্চিত নন, নাগরিক অধিকার ও ন্যূনতম মানবিক মর্যাদাও নিশ্চিত করতে পারেননি। অনেক ক্ষেত্রে মালিকপক্ষ শ্রমিকদের মানুষ হিসেবেও মর্যাদা দিতে চায় না।

সমাবেশে জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের লড়াই-সংগ্রাম ও শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। গণসংগীত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সংসদে সরাসরি হয়তো কোনো শ্রমিক প্রতিনিধি নেই। কিন্তু আমরা শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলব। পরবর্তী নির্বাচনে সরাসরি শ্রমিক প্রতিনিধি নেওয়ার প্রতিশ্রুতিও দেন এই সাংসদ।

জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ক্ষোভের সঙ্গে বক্তব্যে বলেন, শ্রমিকদের বিকল্প আয়ের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা হচ্ছে। রিকশা তৈরির সমস্ত মালামাল আমদানি বন্ধ না করে পুঁজিবাদী কায়দায় রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন নতুন বন্দোবস্ত হতে পারে না।

জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদানকে পরোক্ষভাবে তুলে ধরা হয়েছে। সরাসরি তাদের ভূমিকাকে তুলে ধরা হয়নি। তিনি রিকশা শ্রমিকদের উচ্ছেদ না করে তাদের জন্য আলাদা লেন করার ডাক দেন।

শ্রমিক নেতা তৌফিক উজ জামানের সঞ্চালনায় এবং জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল-আমিন, যুগ্ম সদস্যসচিব সাইফ মুস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ করা হয়। রিকশা ভ্যান চালক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ এবং সদস্যসচিব হয়েছেন ওবায়দুল ইসলাম। রিকশা ভ্যান চালক এই সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন শফিকুল ইসলাম হানিফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন