ইসলামী আন্দোলনের অভিযোগ

জুলাই সনদের আগে প্রধান উপদেষ্টার ভোটের ঘোষণা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে

জুলাই সনদের আগে প্রধান উপদেষ্টার ভোটের ঘোষণা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে নির্বাচন না করার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই সনদ ঘোষণার আগে ভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩আগস্ট) সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে দলটির মহাসচিব এসব কথা বলেন। একই সঙ্গে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ৭টি মৌলিক প্রস্তাবনা দিয়েছে।

প্রস্তাবগুলো হচ্ছে- বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ও ব্যর্থ করেছে তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিতে হবে। এর ব্যত্যয় হলে তাদেরকে আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। জুলাই জাতীয় সনদের আলোকে ও সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সকল স্থানীয় নির্বাচন করতে হবে।

শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর, পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট, খুনি, মানবতা বিরোধী অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামীলীগ ও তার সকল দোসর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন