‘স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে ২০২৬ উপলক্ষে ‘ইউনিটি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। কওমি মাদরাসা রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোববার বিকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম সমাজের সাহসী ভূমিকা এবং আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কওমি মাদ্রাসার অবদানকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানান। একই সঙ্গে জুলাই মাসে ‘কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
কনফারেন্সে বক্তারা কওমি মাদ্রাসার ঐতিহ্য, সংগ্রাম, শিক্ষা-অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং এ ধারার শিক্ষা ব্যবস্থার যথাযথ মূল্যায়ন, মর্যাদা প্রতিষ্ঠা ও জাতীয় পরিসরে ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালনের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২ আগস্ট ঘোষণা করেন এবং আশা প্রকাশ করেন যে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। পাশাপাশি কনফারেন্সে উত্থাপিত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মূসা আল হাফিজ। এছাড়া কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং কওমি অঙ্গনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
জামিল সিদ্দিকী-রফিকুল ইসলাম আইনি ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের কওমি অঙ্গনের প্রায় ১৭টি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের মুখপাত্র রিদওয়ান হাসান ও সেক্রেটারি আকিফ আব্দুল্লাহ, জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হুসাইন বিন সারওয়ার ও কওমী মাদ্রাসা সম্পাদক সাঈদ আবরার, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী ও দপ্তর সম্পাদক নূর মোহাম্মাদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নূর হোসাইন সবুজ ও ভার্সিটি সম্পাদক মাহমুদুল হাসান তকী,কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ও শিক্ষা সম্পাদক রশিদ আহমদ তকী ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ খান ও সাংগঠনিক সম্পাদক ইনজামুল হক, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এহসান সাজিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনি এবং বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকসুদুর রহমান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব আরিফ বিল্লাহ যশোরী, শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীল মাহদী হাসান শিকদার সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

