সম্পত্তি আইন বাতিলের দাবিতে ইসলামি দলগুলোর বিক্ষোভ

সম্পত্তি আইন বাতিলের দাবিতে ইসলামি দলগুলোর বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কোরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি আইন সংসদে পাশ করায় বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস ঢাকা মহানগরের নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে সরকারকে এই আইন কার্যকর করা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমআর নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল থেকে সরকারের প্রতি এই আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

বক্তারা সরকারকে উদ্দেশ করে বলেন, আলেম-ওলামাদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করলেন। ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসে আছে। তিনি আমেরিকার প্রেসক্রিপশনের বাংলাদেশ বিরোধী মন্ত্রী হয়েছেন। বাংলাদেশের আলেম-ওালমারা নির্বাচনের সময় বিভক্ত হয়েছিল কিন্তু কোরআন সুন্নাহবিরোধী আইনের বিরুদ্ধে আলেম-ওলামারা এক হয়ে গেছে। ফ্যাসিবাদ মুক্ত করার অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবেন না। এই আইনের প্রতিবাদ করা আমাদের একার দায়িত্ব নয় বরং দলমত নির্বিশেষে সকল মোসলমানের প্রতিবাদ করা উচিত। সম্পত্তি কিভাবে ভাগ করা হবে সেটা কোরআন সুন্নাহয় স্পষ্ট আলোচনা করা আছে। আবার বাংলাদেশের বাবা-মারা কন্যা সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করে। এখন বাবা-মাকে যদি জীবিত অবস্থায় সম্পত্তি বিতরণের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা কন্যা সন্তানদের পুরাপুরি বঞ্চিত করবে। আমাদের বোনেরা মেয়েরা সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হবে। কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ একজন লোক এই আইন সংসদে তুলেছে, কিন্তু বাংলাদেশের আলেম-ওলামাদের কোন মতামত নেওয়া হয় নাই। ফ্যাসিস্ট হাসিনার সাথে মাত্র একটা মন্তব্যের কারণে জনগণ যে ব্যবহার করেছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করলে আপনার সাথেও বেশি ভালো আচরণ করবে না। এই আইনের বিষয়ে আলেম-ওলামাদের সাথে পরামর্শ করে আইন পাশ করুন। তারেক রহমান আপনি নির্বাচনের আগে বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে দেশ চলবে মদিনা সনদের মাধ্যমে। অথচ এই আইন মদিনা সনদের বিরুদ্ধে। আপনারা মানুষকে বিদ্যুৎ গ্যাস দিতে পারেন না।

নারায়ে তাকবির আল্লাহু আকবার, শরীয়ত বিরোধী আইন বাতিল কর করতে হবে, কোরআনের বিরুদ্ধে যাস না গদি কিন্তু থাকবে না, মুক্তির রাজপথ ইসলামি খেলাফত, বঙ্গবন্ধুর দিনশেষ খেলাফতের বাংলাদেশ, বাড়াবাড়ি করিস না পিঠের চামড়া থাকবে না, কোরআন বিরোধী কালো আইন মানিনা মানব নাসহ বিভিন্ন স্লোগান দেয় খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

জুমআর নামাজ শেষে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড় পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও মাওলানা আহমদ আব্দুল কাদের বাচ্চুর নেতৃত্বাধীন খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উভয়দলের মহাসচিবের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন