আলী আহসান জুনায়েদ

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতি অনুসরণ করছে। জনগণের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক ও তালবাহানা করছে সরকার। গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলী আহসান জুনায়েদ বলেন, সরকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে। জনগণের নিরাপত্তার বিষয়ে সরকারকে উদাসীন দেখা যাচ্ছে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষকে সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের দাম নির্ধারণ নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার এখন আর সেটিকে গুরুত্ব দিচ্ছে না। যখন যা ইচ্ছা, দাম বাড়িয়ে জনগণের ওপর উচ্চমূল্যের খড়্গ চাপিয়ে দিচ্ছে।

তিনি আরো বলেন, যে দেশের সরকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এনসিপিও সেই সরকারকে সহযোগিতা করবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।

এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতারা।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন এমপি, সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন