জনগণের রাজনীতিকরা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না: ড. মাসুদ

জনগণের রাজনীতিকরা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না: ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ; তারা সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাটে হতাশ নয়। এমনকি নিজ দলের নেতাকর্মীরা একে-অপরকে হত্যা করছে, সেটা দেখেও তারা হতাশ হয় না।

বিজ্ঞাপন

মঙ্গলবার মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শুধু একটা নির্বাচন দিয়েই গণতন্ত্র উদ্ধার হয়ে যায় না, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক ধারার রাজনীতি করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস লালন-পালন পরিহার করতে হবে।

তিনি বলেন, যারা নির্বাচন দিয়ে গণতন্ত্র উদ্ধারের দাবি করে, তারা সত্যিকারের গণতন্ত্র বুঝে না। গণতন্ত্রের নামে তারা স্বৈরতন্ত্রে লিপ্ত। যারা নিজেদের নেতাকর্মীদের হত্যা করে, তারা কখনো জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। তারা ক্ষমতায় বসে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আবারো ফ্যাসিবাদ কায়েম করবে। ইতোমধ্যে কারো-কারো কর্মকাণ্ডে জনগণ আতঙ্কিত ও শঙ্কিত। যারা জনগণের জন্য রাজনীতি করে, তারা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মো. রিপন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন