বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ‘হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূস’ সংবাদের হেডলাইনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন।
রাশেদ খান লেখেন, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ‘হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনূস’ সংবাদের হেডলাইনের প্রেক্ষিতে আমার বক্তব্য:
দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের প্রটেকশন দিচ্ছে ৪ উপদেষ্টা!
এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমি প্রশ্ন করার সুরে বলেছি, এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার কোন পরিবর্তন হলো না, তাহলে কি শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস যে, হাসিনার তৈরি ব্যবস্থাকে তিনি কনটিনিউ করছেন? ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার না করার প্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ রাজনৈতিক রুপক অর্থে এই প্রশ্ন উত্থাপন করেছি।

কেন ১ বছরেও ১৪,১৮,২৪ সালের ডিসি, এসপি ও ১৬ বছরের আওয়ামী সুবিধাভোগীদের কোন শাস্তি না হয়ে উল্টো প্রমোশন হলো। যাইহোক মিডিয়া তার মত করে যে হেডলাইন দিলে নিউজ হিট হবে, সেটিই দেয়। কিন্তু হেডলাইন দেখেই আমাদের অনেকে পুরো বক্তব্য না স্টেটমেন্ট না শুনে মন্তব্য করে বসে। এতে নানা বিভ্রান্তি ছড়ায়। আমার আরও বক্তব্য ছিলো, গণহত্যার বিচারের জন্য তো ডামি এমপি ও মন্ত্রীদের গ্রেফতার করা দরকার ছিলো, কিন্তু তারা কেন প্রটেকশন পাচ্ছে? ১ বছরে তো দৃশ্যমান রাষ্ট্র সংস্কারও পরিলক্ষিত হয়নি। পুলিশ, সচিবালয় ও সরকারি দপ্তর ও সেক্টরের পরিবর্তন অন্তত করা যেত ইত্যাদি। কিন্তু সেটি না করে হাসিনার আমলের কর্মকর্তাদের রাখা হয়েছে বহাল তবিয়তে।
আর ১৬ বছর যাদেরকে রাজনৈতিক তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে। তারা এই সরকারের আমলেও বঞ্চিত। হাসিনার পরিবর্তে শুধু ডক্টর মুহাম্মদ ইউনূস স্থলাভিষিক্ত হবে এই পরিবর্তনের জন্য তো এতো মানুষ জীবন দেয়নি, গণঅভ্যুত্থান হয়নি। আমরা চেয়েছি সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন। সরকার বদলালেও শাসনব্যবস্থা বদলায় নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

