বাংলাদেশ আমাদের সবার প্রিয় মাতৃভূমি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, ভয়ভীতি কিংবা অন্যায়ের শিকার না হন—সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা-১২ আসনের উন্নয়ন ও গণসংযোগ সমন্বয়ক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী নোমান আহমেদি, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া হারুন, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান, সমাজসেবক ইউসুফ আলী মোল্লা, নুরুল ইসলাম আকন্দ ও আবু সাঈদ মন্ডলসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
সভায় এমপি মিলন বলেন, আসন্ন দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। তাঁরা যেন আনন্দময়, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রশাসনে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের উসকানি, গুজব কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষ যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংঘটিত হলে অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।
একটি সৌহার্দ্যপূর্ণ সমাজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবেন এবং সবাই পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে বসবাস করবেন। ঢাকা-১২ আসনের সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
মতবিনিময় সভায় পূজা উদ্যাপন কমিটির নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দিকনির্দেশনামূলক প্রস্তাব তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) উপস্থিত থেকে দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


