ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের

ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অসম্ভব এক পরিস্থিতিতে’ আটকে আছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর।

তার মতে, ট্রাম্প চাইলেও এখন যুদ্ধ থেকে সহজে সরে আসতে পারবেন না।

বিজ্ঞাপন

অ্যালান আইর ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাকারী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান ব্যাখ্যা করেন।

আইর বলেন, ট্রাম্প যুদ্ধ আরো বাড়াতে পারবেন না। কারণ, তিনি বুঝতে পারছেন, যুক্তরাষ্ট্র হামলা বাড়ালে ইরানও পাল্টা হামলা বাড়াবে। এর লক্ষ্য হতে পারে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো। ট্রাম্প এই পরিস্থিতি এখন মেনে নিতে রাজি নন।

আইরের ভাষায়, ‘ট্রাম্প আরো উত্তেজনা বাড়াতে পারবেন না। কারণ, তিনি বুঝতে পারছেন, তা করলে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালাবে। আর এই মুহূর্তে তিনি তা মেনে নিতে প্রস্তুত নন।’

তবে একই সঙ্গে ট্রাম্পের সামনে খুব বেশি বিকল্পও নেই বলে মনে করেন এই সাবেক কূটনীতিক। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো ব্যবসায়িক চুক্তির মতো নয়। ব্যবসায়িক বিষয় হলে ট্রাম্প দেউলিয়া ঘোষণা করে অন্য কোনো কাজে চলে যেতে পারতেন। কিন্তু ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।

আইর বলেন, ‘এটি যদি ব্যবসা হতো, তাহলে তিনি দেউলিয়া ঘোষণা করে অন্য কোনো বিষয়ে চলে যেতে পারতেন। কিন্তু তাতে হরমুজ প্রণালি খুলবে না। তাই তিনি চাইলেও সরে যেতে পারবেন না।’

ট্রাম্পকে বিশ্বাস করে না ইরান

এদিকে ইরানও ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি সেটি বাস্তবায়ন করবেন কি না, তা নিয়ে সন্দিহান। আইরের মতে, ইরানের অবিশ্বাসই আলোচনাকে আরো জটিল করে তুলেছে।

তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুক্তির শুরুতেই বেশি অর্থ চায়। এর কারণ, দেশটি বর্তমান মার্কিন প্রশাসনকে বিশ্বাস করে না।

আইর বলেন, ইরান মনে করে, যুক্তরাষ্ট্র কখনোই তাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেবে না। এ কারণে তারা নিজেদের অবরুদ্ধ সম্পদ ছাড় করার নিশ্চয়তা চায়।

ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা বাণিজ্য থেকেও অর্থনৈতিক সুবিধা নিতে চায় বলে উল্লেখ করেন তিনি। এ সুবিধা তারা এখনই চায়। কারণ, ইরানের আশঙ্কা, প্রাথমিক কোনো চুক্তির পর এই প্রক্রিয়া আর এগোবে না।

এ ক্ষেত্রে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের করা চুক্তির উদাহরণও দেন আইর। তার মতে, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের করা চুক্তিগুলোও প্রথম ধাপের পর আর এগোয়নি। ইরানও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছে।

ফলে যুদ্ধ বন্ধ ও পারমাণবিক ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও উভয় পক্ষের পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে বলে মনে করেন সাবেক এই মার্কিন কূটনীতিক।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন