দেশব্যাপী বিএনপির সমর্থক ও বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলোর ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।
তিনি বলেন, জামায়াত-শিবির চক্র ধর্ম ব্যবসাকে পুঁজি করে দেশজুড়ে সাধারণ জনগণ, বিশেষ করে বিএনপির সমর্থকদের ওপর প্রকাশ্যে ও গোপনে রামদা, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালাচ্ছে। এসব হামলায় মা-বাবা, ভাই-বোন এমনকি ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। মধ্যযুগীয় কায়দায় পুরো একটি পরিবারকে নির্মূলের ঘটনাও ঘটছে।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
ইয়াসিন আলী বলেন, গত ২১ জানুয়ারি ২০২৫ আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুমিল্লা-১১ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মোহাম্মদ তাহেরের ইশারায় কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জামায়াতের সাবেক আমির কাজী শহীদের ছেলে শিবির ক্যাডার ফরাদ ও শাকিবের নেতৃত্বে শিবিরের প্রায় দুই শতাধিক সশস্ত্র জঙ্গি সন্ত্রাসী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪ গ্রাম উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খানের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার উদ্দেশ্য ছিল তাদের নির্মমভাবে হত্যা করা। এতে মিজান খানের মা আমেনা বেগম (৮০), ছোট বোন নার্গিস বেগম (৪০), নাজমা বেগম (৫০), ভাগিনা ইফতেখার (১৭), বড় বোনের বড় সন্তান ফারান মাহমুদ (২১), সাত বছর বয়সী এক শিশু এবং মিজান খানের ভগ্নিপতি রিপন মারাত্মকভাবে আহত হন।
আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সংবাদ সম্মেলনে ইয়াসিন আলী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ পরিচালনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সূর্যের উদয় হয়েছিল, সেটিকে ধুলিসাৎ করতেই পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা মিজান খানের পরিবারের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এভাবে হামলা চলতে থাকলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য জনগণের হৃদয় অর্জন করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

