কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: জামায়াত এমপি মিলন

কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: জামায়াত এমপি মিলন

সঠিক যত্ন, দিকনির্দেশনা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরাও অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের সেবায় গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, সবল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের সেবায় বড় সম্পদে পরিণত হতে পারে।”

মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মিলন বলেন, যুবসমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে এবং অফিস ও যুব বিভাগের সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উল্লাহ ভূঁইয়া হারুন, মহানগর উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সাল, থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদসহ স্থানীয় নেতারা।

আয়োজক সূত্র জানায়, জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে আটটি স্থানীয় ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে বাবলী যুব সংঘ ২-১ গোলের ব্যবধানে কুনিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন