তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘মিথ্যা রক্ত অপবাদ’ ছড়ানোর জন্য অভিযুক্ত করে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছে আঙ্কারা। আঙ্কারা বলেছে, এই মিথ্যা ও অপবাদ ইসরাইলি সরকারের মানসিকতারই প্রতিফলন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্য করে যে মিথ্যা ও অপবাদ ছড়ানো হয়েছে, তা ইসরায়েলি সরকারের হয়ে কাজ করা অপরাধীদের, বিশেষ করে নেতানিয়াহুর, কাপুরুষ ও পচে যাওয়া মানসিকতার প্রতিফলন।”
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে দাবি করেছিল, তুরস্কের প্রেসিডেন্ট তার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, হামাসকে সমর্থন করেছেন এবং প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়েছেন।
ইসরাইলি মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করেছে, “ইতিহাসের সবচেয়ে জঘন্য ইহুদিবিদ্বেষীদের মতো এরদোয়ান মিথ্যা রক্তের অপবাদ ছড়িয়ে নিজের লজ্জাজনক কর্মকাণ্ড থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন।”
তুরস্কের মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের করা অপরাধের বিরুদ্ধে তুরস্ক একটি সৎ অবস্থান বজায় রেখেছে।
মন্ত্রণালয় আরও বলেছে, গোয়েবলসের প্রচারযন্ত্রের মতো কাজ করা ইসরাইলি প্রতিষ্ঠানগুলো আর যথেষ্ট নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও নেতানিয়াহু সরকারের “মিথ্যা” আর বিশ্বাস করে না।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সত্যকে রক্ষা করে যাব এবং সত্যের পক্ষে কথা বলব।”
সূত্র: আলজাজিরা
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


