কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
কাপ্তাই বাধেঁর ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর বাইরে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানিয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর পানি বাড়তে পারে। তাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত মাসেও কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন