সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সোমবার দেওয়া এক শোকবাণীতে তিনি বলেন, রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স-যোদ্ধা প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীর ওপর তাদের পরিবারের সদস্যরা অনেকাংশে, কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল। তারা পরিবারের আশা-ভরসার স্থল। জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।
মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরো বলেন, মহান আল্লাহ যেন নিহতদের শহীদি মর্যাদা দান করেন এবং তাদের স্বজনদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।
শোকবাণীতে তিনি নিহত প্রবাসী শ্রমিকদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের লাশ অবিলম্বে দেশে ফিরিয়ে এনে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

