বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্য নাসের রহমান এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ।

গত শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনি পদগুলোর বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় নির্বাচন বোর্ড তাদেরসহ পাঁচজন পরিচালককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান সভাপতি এবং গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী নির্বাচন বোর্ড এ ফলাফল ঘোষণা করে।

এছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের পরিচালক হিসেবে আরও পাঁচজন হোটেল খাতের উদ্যোক্তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা হলেন মেজর মো. শওকত হোসেন (অব.), পরিচালক, ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড; আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট (গ্রিন প্ল্যানেট); আহমেদ হোসেন, পরিচালক, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড; সাঈদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি হসপিটালিটি লিমিটেড (কিউ হোটেল ঢাকা); এবং রাশেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টস (প্রাইভেট) লিমিটেড।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শরীফ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল অনুমোদন করে।

নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা খাতের অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন এ খাতের স্বার্থ সংরক্ষণ, সেবার মানোন্নয়ন এবং দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের উন্নয়নে কাজ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন