কক্সবাজারের চকরিয়ায় এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ৮-৯ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা পুলিশ পরিচয় দিয়ে অবৈধ অস্ত্র ও মালামাল আছে দাবি করে তল্লাশির কথা বলে নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পাগলীরবিল এলাকার নুরুল আমিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক নুরুল আমিন জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ৫-৬ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল পুলিশ পরিচয় দিয়ে আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের অভয় দিয়ে বলেন, আপনাদের বাড়ির ভেতর অবৈধ অস্ত্র ও মালামাল আছে। আমরা তল্লাশি করব। তার আগে আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো নিজেদের হেফাজতে নিয়ে নিন।’ তখন আমি আলমিরা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে নেওয়ার পর তারা (সশস্ত্র ডাকাত দল) আমাদের বাড়ির ভেতরের পার্শ্ববর্তী অন্য একটি রুমে নিয়ে আটকে রাখে।
তিনি বলেন, কিছুক্ষণ ডাকাতরা আমাদের রুমে এসে নিজেদের হেফাজতে নেওয়া নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পাগলীরবিলে ডাকাতির বিষয়ে আমি অবগত নই। এ ব্যাপারে থানায়ও কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

