জাপানে ডা. শফিকুর রহমান

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

স্টাফ রিপোর্টার

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’
সাত দিনের জাপান সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পরিবর্তনের ধারাকে টেকসই ও সফল করতে দেশের ভেতরের মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

রোববার জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ইসলামিক মিশন জাপান আয়োজিত ‘কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাপানে বসবাসরত প্রবাসী মুসলিমদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন এবং স্থানীয় জাপানি সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ সঠিকভাবে তুলে ধরার প্রত্যয়ে এ আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা ও দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠানটি প্রকাশ পায়।

এ সময় ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও সম্ভাবনার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি বলেন, জাপানের মতো উন্নত ও শৃঙ্খলাবদ্ধ সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো ব্যক্তিগত চরিত্র ও আচরণ। আমাদের প্রতিটি কাজ ও প্রতিটি ব্যবহার যেন ইসলামের প্রতিনিধিত্ব করে এমন মানসিকতা ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের একটি অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা সম্ভব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। প্রথম অধিবেশনে দারসুল কুরআন পেশ করেন ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি।

বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন এমপি তার বক্তব্যে বর্তমান বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জ ও মুসলিম উম্মাহর বিভক্তির বাস্তবতা তুলে ধরে ঐক্যের অপরিহার্যতার ওপর জোর দেন। তিনি বলেন, বিভাজন ও মতপার্থক্য ভুলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে ছাবের আহমদ বলেন, আমাদের দায়িত্ব শুধু সংগঠনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জাপানে বসবাসরত সমগ্র প্রবাসী বাংলাদেশি সমাজের কল্যাণে কাজ করা। ইসলামের সুমহান বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হতে হবে।

উল্লেখ্য, সাত দিনের সফরে গত ২ মে জাপান পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন