জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

