ব্যবহারকারীদের জন্য নতুন অর্থ লেনদেন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নতুন ফিচার চালু হলে ডাইরেক্ট মেসেজের (ডিএম) মাধ্যমেই একে অপরকে টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ, ব্লুমবার্গের বরাত দিয়ে জানিয়েছে, টিকটকের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে এই অর্থ লেনদেনের সুযোগ দেওয়া হতে পারে। আইফোনের জন্য টিকটক অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে ফিচারটির অস্তিত্বের তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কোনো ব্যবহারকারী টাকা পাঠালে প্রাপক একটি নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। লেনদেনের সময় অর্থের সঙ্গে ছোট বার্তা যুক্ত করার সুবিধাও থাকতে পারে।
তবে টিকটক জানিয়েছে, ফিচারটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। কবে নাগাদ এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমাও জানানো হয়নি।
বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় প্রতিষ্ঠানটির পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। নতুন সুবিধা চালু হলে একই প্ল্যাটফর্মে কেনাকাটার পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদের মধ্যেও অর্থ লেনদেনের সুযোগ তৈরি হবে।
আর্থিক সেবায় টিকটকের আগ্রহ অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনসংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছিল কোম্পানিটি।
সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি ছাড়িয়ে নিজেদের সেবার পরিধিও বাড়াচ্ছে টিকটক। উন্নত সার্চ সুবিধা, অনলাইন কেনাকাটা, স্থানীয় স্থান খোঁজার ম্যাপ, গেমিং ও হোটেল বুকিংয়ের মতো সেবার পর এবার অর্থ লেনদেনের ক্ষেত্রেও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের ধারণা, নতুন ফিচার চালু হলে ভেনমো ও জেলের মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে টিকটক। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও আর্থিক সেবার দিকে এগোচ্ছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘এক্স মানি’ সেবা চালু করেছে।
তবে টিকটকের অর্থ লেনদেন সুবিধাটি এখনো পরীক্ষামূলক উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এটি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী চালু হবে কি না, কিংবা কোন কোন দেশে প্রথমে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


